দর্শনায় পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

দর্শনায় পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট সংলগ্ন পুলিশ ব্যারাক থেকে শামীম রেজা সাজু নামে এক কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে ব্যারাকের ২য় তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ ও সহকর্মীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে দায়িত্বে অনুপস্থিত থাকায় শামীম রেজাকে খুঁজতে যান তার সহকর্মীরা। দরজা বন্ধ পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান তারা। পরে দর্শনা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত শামীম কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঝুটিয়াডাঙ্গা গ্রামের হোসেন আলীর ছেলে। তিনি ছয় মাস আগে দর্শনা ইমিগ্রেশন বিভাগে যোগ দেন। নতুন ভবনের দ্বিতীয় তলায় একা একটি কক্ষে থাকতেন।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ তিতুমীর বলেন, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন