চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি আমবাগানে পিকনিক পার্টিতে অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন কারিমুল ইসলাম (৩০), সেলিম রেজা (২১), রাসেল (৩৫), মাসুদ রানা (২৫) ও শান্তেজুল ইসলাম (৩৪)। অপর তিনজনের নাম পরিচয় পাওয়া যায়নি।
শুক্রবার রাতে উপজেলার চককীর্তি ইউনিয়নের গৌরীশংকরপুর বারোমাসি বাজারের একটি আমবাগানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বাগানের মালিক মাসুদ তার বন্ধুদের নিয়ে রাতে পিকনিক করছিলেন। রান্নার শেষ পর্যায়ে খাবারের প্রস্তুতির সময় বিদ্যুৎ চলে গেলে মোটরসাইকেলযোগে ১৫ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে আকস্মিক হামলা করে। এতে পাঁচজন গুরুতর আহত ও তিনজন সামান্য আহত হন।
পরে স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
প্রত্যক্ষদর্শী জাকির হোসেন বলেন, হামলাকারীরা ১৫টি মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে এসে হামলা চালায়। এ সময় তিনি তিনজনকে চিনতে পেরেছেন। তারা জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত।
প্রত্যক্ষদর্শী রাফেদের ভাই বলেন, আমার ছোট ভাইয়েরা কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয়। হামলাকারীরা জামায়াতের অনুসারী। তার দাবি, ছোট ভাইয়েরা পিকনিক করার জন্য বাগানে প্রস্তুতি নিচ্ছিল। এ সময় আবহাওয়া খারাপ হলে অন্য একটি নিরাপদ স্থানে পিকনিকের আয়োজন করে। এর আগে নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন কয়েক দফা ওই স্থানে পিকনিক করেছিল। ধারণা করা হচ্ছে, গতরাতে যারা পিকনিক করেছে তাদের আওয়ামী লীগের লোকজন ভেবে হামলা করা হয়েছে।
চককীর্তি ইউনিয়ন জামায়াতের আমির রবিউল ইসলামের বলেন, হামলাকারীরা জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত নয়। তার দলের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত নয়। তিনি নিজেও হামলাকারীদের বিচারের দাবি জানান।
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দেয়নি। বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে। হামলাকারী ও আহতদের কোনো রাজনৈতিক পরিচয় নেই বলে দাবি করেন তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

