আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মোবাইল ব্যবহার নিয়ে বিরোধ, গৃহবধূর আত্মহত্যার অভিযোগ

উপজেলা প্রতিনিধি, (লালপুর) নাটোর

মোবাইল ব্যবহার নিয়ে বিরোধ, গৃহবধূর আত্মহত্যার অভিযোগ

নাটোরের লালপুর উপজেলায় মোবাইল ফোন ব্যবহারকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে অর্পিতা রানী কর্মকার সিঁথি (১৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জৌতদৈবকী গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত অর্পিতা রানী সিঁথি একই গ্রামের জগাই কর্মকারের স্ত্রী। তিনি রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর মিস্ত্রি পাড়া গ্রামের অসীম কর্মকারের মেয়ে। প্রায় দুই বছর আগে তাদের বিয়ে হয়। জগাই কর্মকার পেশায় একজন চা দোকানী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দাম্পত্য জীবনে মোবাইল ফোন ব্যবহার নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। শুক্রবার দুপুরে এ নিয়ে পারিবারিক কলহের একপর্যায়ে অভিমান করে অর্পিতা নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ রয়েছে।

পরিবারের সদস্যরা গুরুতর দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অর্পিতার স্বামী জগাই কর্মকার জানান, অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের কারণে সংসারের কাজে অবহেলা হচ্ছিল। এ নিয়ে তিনি স্ত্রীর কাছ থেকে মোবাইল ফোনটি নিয়ে নেন। পরিবারের সদস্যরাও তাকে বোঝানোর চেষ্টা করেন। এতে অর্পিতা মনঃক্ষুণ্ন হয়ে পড়েন।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...