রাজশাহীর পাড়া-মহল্লায় বিশ্বকাপ ঝড়, উন্মাদনায় মেতেছেন ফুটবলপ্রেমীরা

মঈন উদ্দিন, রাজশাহী

রাজশাহীর পাড়া-মহল্লায় বিশ্বকাপ ঝড়, উন্মাদনায় মেতেছেন ফুটবলপ্রেমীরা

বিশ্বকাপ ফুটবল শুরুর সময় যতই ঘনিয়ে আসছে, রাজশাহীতে ততই বাড়ছে ফুটবল উন্মাদনা। নগরী কিংবা গ্রাম, চায়ের দোকান থেকে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস-আদালত ও বাজারঘাট—সর্বত্র এখন একটাই আলোচনা! বিশ্বকাপ ফুটবল! ফুটবল বিশ্বকাপ নিয়ে আড্ডা, তর্ক-বিতর্ক আর ভবিষ্যদ্বাণী করে সময় কাটাচ্ছেন এই অঞ্চলের ফুটবলপ্রেমীরা।

নগরীর সাহেববাজার, লক্ষ্মীপুর, উপশহর, কোর্ট স্টেশন, কাশিয়াডাঙ্গা, নওদাপাড়া থেকে শুরু করে জেলার বাগমারা, পবা, চারঘাট, পুঠিয়া, তানোর, গোদাগাড়ী, দুর্গাপুর ও মোহনপুরের গ্রামাঞ্চলেও বিশ্বকাপ ঘিরে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। নবীন-প্রবীণ, কিশোর-তরুণ, এমনকি কর্মব্যস্ত মানুষও দিনের কাজ শেষে ফুটবল আড্ডায় মেতে উঠছেন।

বিজ্ঞাপন

বিশ্বকাপের প্রথম বাঁশি বাজার আগেই নগরীর অলিগলি, চায়ের টেবিল, বাজার, পাড়া-মহল্লা ও গ্রামীণ জনপদে শুরু হয়ে গেছে ফুটবল উৎসব। পতাকার রঙে রঙিন হচ্ছে বাড়ির ছাদ, জার্সিতে ভরে উঠছে বাজার, আর চায়ের কাপে উঠছে ফুটবল তর্কের ঝড়। বিশ্বকাপের অপেক্ষায় এখন পুরো রাজশাহী। অপেক্ষায় দিন গুনছেন হাজারো ফুটবলপ্রেমী।

বিশ্বকাপ উপলক্ষে রাজশাহীর বিভিন্ন এলাকায় বড় পর্দায় খেলা দেখার প্রস্তুতি শুরু হয়েছে। অনেক জায়গায় ইতোমধ্যে চাঁদা তুলে খেলা দেখার আয়োজন চূড়ান্ত করা হয়েছে। বিশেষ করে রাতের ম্যাচগুলোকে কেন্দ্র করে উৎসবের আবহ তৈরি হচ্ছে।

সাহেববাজার জিরো পয়েন্টের একটি চায়ের দোকানে আড্ডা দিতে আসা কলেজ শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, প্রতিদিন বিকাল হলেই বিশ্বকাপ নিয়ে আলোচনা শুরু হয়। কেউ বলছে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে, কেউ ব্রাজিল। আবার অনেকে ফ্রান্সকে এগিয়ে রাখছে। তর্ক-বিতর্কের মধ্যেই সময় কেটে যাচ্ছে।

জার্সির বাজারেও চলছে ব্যাপক বেচাকেনা। নগরীর সাহেববাজার, নিউমার্কেট, লক্ষ্মীপুর ও বিভিন্ন উপজেলা সদর এলাকার দোকানগুলোতে পছন্দের দলের জার্সি কিনতে ভিড় করছেন বিভিন্ন দলের সমর্থকরা। সবচেয়ে বেশি চাহিদা দেখা যাচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সির। পাশাপাশি ফ্রান্স, পর্তুগাল ও ইংল্যান্ডের জার্সিও বিক্রি হচ্ছে অনেক।

পুঠিয়া উপজেলার শিবপুর এলাকার ব্যবসায়ী সোহেল রানা বলেন, আমার দোকানের সামনে ইতোমধ্যে ব্রাজিলের বড় পতাকা টানিয়েছি। এলাকায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। ম্যাচের দিনগুলোতে রাত জেগে খেলা দেখার পরিকল্পনা করছি।

রাজশাহীর ফুটবলপ্রেমীদের মধ্যে বরাবরের মতো এবারও আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আধিপত্য চোখে পড়ছে। বাড়ির ছাদ, বারান্দা, ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের কার্যালয়ের সামনে উড়ছে দুই দলের বিশাল আকারের পতাকা। কোথাও কোথাও বহুতল ভবনজুড়ে পতাকা টানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে সমর্থকদের সরব প্রচারণা।

তানোর উপজেলার মুন্ডুমালা এলাকার বাসিন্দা রুবেল হোসেন বলেন, আমাদের এলাকায় কয়েকটি যুব সংগঠন একসঙ্গে বড় পর্দায় খেলা দেখানোর উদ্যোগ নিয়েছে। এতে গ্রামের মানুষ একসঙ্গে বসে খেলা উপভোগ করতে পারবে।

চায়ের দোকানের আড্ডাগুলো যেন এখন ক্ষুদ্র ফুটবল বিশ্লেষণ কেন্দ্র। কোথাও বিতর্ক উঠছে, মেসি না নেইমার, কে সেরা? আবার কোথাও আলোচনা হচ্ছে, রোনালদোর শেষ বিশ্বকাপ কি না’, কিংবা ‘এমবাপ্পে এবারও কি গতির ঝড় তুলবে?’ এমন প্রাণবন্ত আলোচনা দিনভর জমিয়ে রাখছে ফুটবলপ্রেমীদের।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন