চাটমোহরে কুকুর হত্যার অভিযোগে মামলা

চাটমোহরে কুকুর হত্যার অভিযোগে মামলা

পাবনা চাটমোহর উপজেলায় ধারালো শাবল দিয়ে কুকুর হত্যার অভিযোগ উঠেছে। অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও কুকুরটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করেছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৪ আগস্ট) সকালে চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের আগশোয়াইল গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত কুকুরটি নিজের বাড়ির পোষা কুকুর ছিল বলে দাবি ওই গ্রামের কৃষক সোলায়মান প্রামাণিকের। আর অভিযুক্ত নাইম হোসেন একই গ্রামের প্রতিবেশী রাশেদুল ইসলামের ছেলে।

ভুক্তভোগী কৃষক সোলায়মান প্রামাণিক জানান, সকালে আমি বাড়িতে ছিলাম না। মাঠে কাজে ছিলাম। কাজ থেকে বাড়িতে আসার পর দেখি আমার কুকুরটিকে মেরে ফেলা হয়েছে। পরে আমার মায়ের কাছে শুনতে পারি নাইম ধারালো অস্ত্র (শাবল) দিয়ে আঘাত করে কুকুরটিকে মেরে ফেলেছে। কি কারণে মেরেছে জানিনা।

তিনি আরো জানান, আমার খুব শখের পোষা কুকুর ছিল। ঘটনার পর বিষয়টি আমি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং থানা পুলিশকে জানাই। থানায় মামলা দায়ের করেছি। আমি আমার কুকুর হত্যার বিচার চাই।

অভিযুক্ত নাঈম হোসেন দাবি করেন, কুকুরটি তাঁর বেশ কয়েকটি ছাগলসহ আশপাশের লোকজনের গবাদিপশু ও মুরগিকে কামড়াতো। এ কারণে অতিষ্ঠ হয়ে তিনি শাবল দিয়ে কুকুরটিকে মেরে ফেলতে বাধ্য হয়েছেন। পোষা প্রাণী হলে সেগুলোকে বাড়িতে বেঁধে রাখা উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে চাটমোহর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন কুমার সরকার বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরে কুকুরটির মৃতদেহ উদ্ধার করে অফিসে নিয়ে এসে ময়নাতদন্ত সম্পন্ন করেছি। ধারালো অস্ত্র দিয়ে কুকুরটির পাঁজরে আঘাত করায় তার ফুসফুসে জখমে এবং অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পুলিশকে দেয়া হবে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান বলেন, সকালে ঘটনাটি মৌখিকভাবে জানার পর আমি প্রাণিসম্পদ দপ্তরকে জানাতে বলি। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মামলা দায়ের করেছে। তদন্তের মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন