আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

‘হ্যাঁ ভোট’ প্রচারে এনসিপি কর্মীদেরকে বাধা, ভিডিও ভাইরাল

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

‘হ্যাঁ ভোট’ প্রচারে এনসিপি কর্মীদেরকে বাধা, ভিডিও ভাইরাল

ঈশ্বরদীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র ‘হ্যাঁ ভোট’-এর পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।

এ সময় লিফলেট বিতরণকারীদের ফোন কেড়ে নেওয়া, হুমকি-ধামকি এবং হামলার চেষ্টার ঘটনাও ঘটে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়।

বিজ্ঞাপন

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া বাজারে পাবনা-৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনের এম্বাসেডর ডক্টর এম এ মজিদের নেতৃত্বে ‘হ্যাঁ ভোট’-এর পক্ষে গণসংযোগ চলছিল। এ সময় বিএনপির কর্মী হিসেবে পরিচিত লিটন মাস্টার (পিতা: মন্টু খাঁ), সাহাপুর ইউনিয়নের বাবুলচারা গ্রামের বাসিন্দা, তার সহযোগীদের নিয়ে সেখানে উপস্থিত হয়ে গণসংযোগে বাধা দেন।

অভিযোগে জানা যায়, জুলাই যোদ্ধারা লিফলেট বিতরণ করতে গেলে তাদের বাধা দেওয়া হয়। একপর্যায়ে কয়েকজনের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। এছাড়া “১২ তারিখের পর দেখে নেওয়া হবে” বলে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়। এসময় হুমকিদাতা লিটন এর গলায় ধানের শীষ প্রতিকের মাফলার ঝুলতে দেখা যায়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আওতাপাড়া হাট এলাকা থেকে দ্রুত সরে না গেলে হামলারও চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা। পরে স্থানীয়দের হস্তক্ষেপে বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হয়।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। গণতান্ত্রিক প্রচারণায় বাধা ও ভয়ভীতি প্রদর্শনের এমন ঘটনায় সাধারণ ভোটারদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ ও দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন