সিরাজগঞ্জে মাদক মামলায় আব্দুর রাজ্জাক নামে এক যুবলীগ নেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক লায়লা শারমিন এই রায় ঘোষণা করেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামচুজ্জোহা শাহানশাহ এ তথ্য নিশ্চিত করে বলেন, আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করা হয়েছে। পরে দণ্ডপ্রাপ্ত আব্দুর রাজ্জাককে কারাগারে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্ত আব্দুর রাজ্জাক সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লার শাহাদাত হোসেনের ছেলে ও ওয়ার্ড যুবলীগ নেতা।
মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, ২০১৯ সালের ২৯ মে সিরাজগঞ্জ সদর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে মাদক ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের শরীর তল্লাশি করে ৬৫ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই ইয়াছিন আরাফাত বাদী হয়ে মামলা দায়ের করেন। সাক্ষ্যপ্রমাণ শেষে আদালতের বিচারক যুবলীগ নেতা আব্দুর রাজ্জাককে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

