কাউনিয়ায় অনলাইনে জুয়া খেলার অভিযোগে একজন গ্রেপ্তার

কাউনিয়ায় অনলাইনে জুয়া খেলার অভিযোগে একজন গ্রেপ্তার
ছবি: আমার দেশ

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ মেট্রোপলিটন থানাধীন এলাকায় অভিযান চালিয়ে টাকার বিনিময়ে মোবাইলে অনলাইনে জুয়া খেলার অভিযোগে ওয়াজেদ আলী রজব (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

মঙ্গলবার তাকে জুয়া প্রতিরোধ আইনের ধারায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত ওয়াজেদ আলী রজব রংপুরের রসিক এলাকার চাঁন্দকুঠি সৎবাজারের তাজুল ইসলামের ছেলে এবং রমনী বেকারির মালিক।

হারাগাছ থানার পরিদর্শক (ওসি) অশোক চৌহান জানান, সোমবার রাতে আরপিএমপি গোয়েন্দা বিভাগের উপপুলিশ কমিশনারের তত্ত্বাবধানে ডিবির একটি দল চাঁন্দকুঠি সৎবাজার এলাকায় মাদক ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা করে।

এ সময় টাকার বিনিময়ে মোবাইলে অনলাইনে জুয়া খেলার অভিযোগে ওয়াজেদ আলী রজবকে আটক করা হয়। তার কাছ থেকে একটি ভিভো ব্র্যান্ডের মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জব্দ করা মোবাইল ফোনে অনলাইনে জুয়া খেলার বিভিন্ন ব্রাউজার পাওয়া গেছে।

ওসি অশোক চৌহান বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার রজবকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। বেকারি ব্যবসার পাশাপাশি এলাকায় মোবাইলে অনলাইনে জুয়া পরিচালনার সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য পুলিশের কাছে রয়েছে।

স্থানীয় বাসিন্দা রাশেদুলসহ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রজব বেকারি ব্যবসার পাশাপাশি এলাকায় অনলাইনে জুয়া খেলার সঙ্গে জড়িত হিসেবে পরিচিত। তার মাধ্যমে এলাকার অনেক যুবক ও ব্যবসায়ী টাকার বিনিময়ে অনলাইনে জুয়া খেলতেন বলে অভিযোগ রয়েছে। এতে অনেকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও স্থানীয়দের দাবি।

স্থানীয়রা আরও জানান, আসন্ন রসিক নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে এলাকায় পোস্টারও টাঙিয়েছেন রজব।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) সনাতন চক্রবর্তী বলেন, মাদক ও জুয়ামুক্ত রংপুর মহানগর গড়তে এবং অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন