পাবনায় নিষিদ্ধ আ.লীগ-বিএনপি নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ, টুকুর বাড়িতে আগুন

পাবনায় নিষিদ্ধ আ.লীগ-বিএনপি নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ, টুকুর বাড়িতে আগুন

পাবনার বেড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বেড়া পৌরসভার বৃশালিখা এলাকায় এসব ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে বেড়া পৌরসভার বৃশালিখা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আকস্মিক একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বেড়া থানার সামনে গিয়ে অবস্থান নেয়। এ সময় তারা ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেন। থানার ফটকে ভাঙচুরের চেষ্টার অভিযোগও উঠেছে। পরে মিছিলের একটি ভিডিও জেলা ছাত্রলীগের একটি ফেসবুক পেজ থেকে প্রচার করা হয়।

সংঘর্ষের উত্তেজনার মধ্যেই বৃশালিখা এলাকায় অবস্থিত সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। বাড়ির ভেতরে এবং পাশে থাকা খড়ের পালায় আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের সঙ্গে কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে বেড়া পৌর ছাত্রদলের সদস্যসচিব মানিক হোসেন গণমাধ্যমকে বলেন, ফ্যাসিবাদীদের কোনো ধরনের সুযোগ দেওয়া যাবে না। তাদের যেখানেই পাওয়া যাবে, সেখান থেকেই ধরে পুলিশে সোপর্দ করতে হবে।

থানার সামনে বিক্ষোভের বিষয়ে বেড়া থানার ওসি (তদন্ত) মো. রাশিদুল ইসলাম বলেন, বিক্ষোভ মিছিলটি থানা সংলগ্ন সড়ক দিয়ে যাওয়ার সময় তারা ফটকের সামনে কিছু সময় স্লোগান দিয়েছেন। তবে একে থানা ঘিরে বিক্ষোভ বলা ঠিক হবে না।

বেড়া থানার ওসি নয়ন কুমার সরকার বলেন, পুলিশ সদস্যরা বাইরে দায়িত্ব পালন করছিলেন। এলাকার বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা সামাল দিতে তারা ব্যস্ত ছিলেন। থানা ঘেরাওয়ের কোনো তথ্য তার জানা নেই। তবে সাবেক ডেপুটি স্পিকারের বাড়ির পাশে থাকা খড়ের পালায় দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে তিনি জানতে পেরেছেন।

এদিকে, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় হতাহত কিংবা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...