পাবনার আটঘরিয়া উপজেলায় জামায়াত ইসলামীর কার্যালয়ে আগুন লাগার ঘটনায় পাশেই উপস্থিত থেকেও আগুন নেভাতে পারেনি ফায়ার সার্ভিস। আতঙ্কে কয়েক মিনিট অবস্থান করে ফিরে যায় তারা। দমকল কর্মীরা জানেন না কী পুড়েছে কিংবা কত টাকার ক্ষতি হয়েছে।
গত শুক্রবার গভীর রাতে উপজেলার দেবোত্তর বাজারের পাশে জামায়াত কার্যালয়ে আগুন লাগে। স্থানীয়রা অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীরাই আগুন দিয়েছে। কার্যালয়টি ভস্মীভূত হয়ে গেলে খবর পেয়ে ঘটনাস্থলে আসে আটঘরিয়া ফায়ার সার্ভিসের একটি দল। তবে তারা খুব কাছে না গিয়েই দূর থেকে পানি ছুড়ে চলে যায়।
দমকল দলের টিম লিডার মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমার নেতৃত্বে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি, দোতলা ভবনের কয়েকটি কক্ষে আগুন জ্বলছে। প্রচণ্ড ধোঁয়ার কারণে রুমের ভেতরে যাওয়া সম্ভব হয়নি। আমরা দূর থেকে চেয়ার টেবিলে পানি ছুড়ি। প্রায় পাঁচ মিনিটের মতো কাজ করেছি, এরপর নিরাপত্তাজনিত কারণে সেখান থেকে সরে আসি। পরে সকালে আর সেখানে যাওয়া হয়নি।’
জানতে চাইলে আটঘরিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুর রহমান বলেন, তিনি ঘটনাস্থলে ছিলেন না, তাই ক্ষয়ক্ষতির পরিমাণ বলতে পারবেন না। পরে চাপ দিলে তিনি জানান, আনুমানিক ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
তবে জামায়াত নেতাদের দাবি, কার্যালয়ে অনেক মূল্যবান বই, দলীয় কাগজপত্র, কোরআন-হাদিস এবং প্রয়োজনীয় দলিল ছিল। আগুনে সব পুড়ে গেছে। তাদের দাবি, প্রায় কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের এমন দায়িত্বহীনতায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা বলছেন, দমকল বাহিনী কাছে গিয়ে কাজ না করলে আগুন নিয়ন্ত্রণে আসবে কীভাবে? বিষয়টি তদন্ত হওয়া উচিত বলে দাবি তাদের।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

