চলমান বিএসসি-ডিপ্লোমা আন্দোলনের অংশ হিসেবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা আজ জরুরি সংবাদ সম্মেলন করেছেন। কেন্দ্র ঘোষিত ক্লাস ও পরীক্ষা বর্জনের পাশাপাশি এই সংবাদ সম্মেলন থেকে তারা নিজেদের দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
সোমবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের পক্ষে বিভিন্ন বিভাগের শ্রেণি প্রতিনিধিরা লিখিত বক্তব্য পাঠ করেন। বক্তাদের মধ্যে ছিলেন কম্পিউটার প্রকৌশল বিভাগের দিপু, তড়িৎকৌশল বিভাগের তূর্য, যন্ত্রকৌশল বিভাগের ইউশা ও আজমি এবং পুরকৌশল বিভাগের তানজিম ও রকি। তারা সবাই ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বক্তারা তাদের বক্তব্যে বর্তমান কোটা প্রথাকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে তা বাতিল করে মেধার যথাযথ মূল্যায়নের দাবি জানান। একইসাথে তারা ডিপ্লোমা শিক্ষার্থীদের দ্বারা প্রকৌশল আন্দোলনকারীদের ওপর হেনস্থা ও সন্ত্রাসী কায়দায় হুমকি প্রদানের অভিযোগ তোলেন এবং এর বিচার দাবি করেন।
শিক্ষার্থীরা বলেন, “প্রকৌশল খাতের সংস্কার এখন সময়ের দাবি।” তারা দ্রুত সময়ের মধ্যে তাদের ৩ দফা দাবি মেনে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের পাশাপাশি অনলাইনে “Break the Silence” নামক একটি কর্মসূচি ঘোষণা করেন। একই সাথে, যদি তাদের দাবি দ্রুত বাস্তবায়ন করা না হয়, তাহলে তারা আরও কঠোর কর্মসূচিতে যাবেন বলেও হুঁশিয়ারি দেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

