বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় বারবার আবির্ভূত হয়েছে বিএনপি: প্রতিমন্ত্রী পুতুল

বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় বারবার আবির্ভূত হয়েছে বিএনপি: প্রতিমন্ত্রী পুতুল

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, ‘বাংলাদেশের ইতিহাসে যখনই গণতন্ত্র ক্ষুণ্ন হয়েছে এবং দেশকে গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত করার চেষ্টা করা হয়েছে, তখনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ত্রাণকর্তার ভূমিকায় আবির্ভূত হয়েছে।’

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকেলে নাটোরের লালপুরে শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘১৯৯০ সালে গণতন্ত্র বিপন্ন হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যাত্রা শুরু হয়। বাংলাদেশের ইতিহাসকে বারবার বিকৃত করার চেষ্টা করা হয়েছে। বিশেষ করে স্বাধীনতার ঘোষণাকে ঘিরে নানা বিতর্ক সৃষ্টি করা হয়েছে। তবে সত্য হচ্ছে, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কণ্ঠে স্বাধীনতার ঘোষণা দেশবাসী শুনেছিল—ইতিহাস তা প্রমাণ করে।’

তিনি বলেন, ‘যখনই দেশে গণতন্ত্রকে ধ্বংস করার অপচেষ্টা হয়েছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে রাষ্ট্রকে মেরুদণ্ডহীন করার ষড়যন্ত্র হয়েছে, তখনই জনগণের দল বিএনপি গণতন্ত্র রক্ষায় এগিয়ে এসেছে।’

প্রতিমন্ত্রী দাবি করেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে এবং একটি মানবিক ও গণমুখী রাষ্ট্র গঠনের কাজ এগিয়ে চলছে।

বেগম খালেদা জিয়াকে ‘আপসহীন নেত্রী’ উল্লেখ করে তিনি বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত তিনি দেশের মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করেছেন। কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। এ সময় তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করেন এবং তাঁদের আদর্শকে বর্তমান সংগ্রামের প্রেরণা হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, ‘একটি সিগনেচারে অনেক রাস্তাঘাট করে দিতে পারব, একটি স্বাক্ষরে অনেক স্কুল-কলেজ করে দিতে পারব; কিন্তু একটি স্বাক্ষরে আপনাদের সন্তানদের মানুষ করে দিতে পারব না। এই দায়িত্ব আপনাদের নিতে হবে।’

অভিভাবকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘সন্তানদের শিক্ষার পাশাপাশি তাদের মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে। সন্তানদের সঠিকভাবে মানুষ করার দায়িত্ব অভিভাবকদেরই নিতে হবে।’

মাদক, দুর্নীতি ও বেকারত্বকে দেশের অন্যতম প্রধান সমস্যা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘যুবসমাজের একটি অংশ মাদকাসক্ত হয়ে অপরাধে জড়িয়ে পড়ছে, যা সমাজের জন্য বড় হুমকি। এ পরিস্থিতি মোকাবিলায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় দরিদ্র, অসহায়, প্রতিবন্ধী ও বিভিন্ন সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য ভাতা ও সহায়তা কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ পাপ্পু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সিদ্দিক আলী মিষ্টু, হামিদুর রহমান বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মোহাম্মদ আলী জিন্নাহ, লালপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, গোপালপুর পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল বারী বাবলা, যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আশরাফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইটসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন