চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গরুবোঝাই ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বাবা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো আটজন। বুধবার রাতে উপজেলার চৌডালা-কানসাট সড়কের পুসকুনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন—শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুলিশমাইল ঝাবুবাজার এলাকার শরিফুল ইসলাম, তার বাবা আইসুদ্দিন এবং শিবনারায়ণপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে আব্দুল হামিদ।
পুলিশ জানায়, নাচোলের সোনাইচণ্ডী গরুর হাট থেকে গরু বিক্রি করে ভটভটিযোগে বাড়ি ফেরার পথে পুসকুনি এলাকায় পৌঁছালে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. আবুল হায়াত দুজনকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলেই মারা যান একজন।
আহত আটজনের মধ্যে গুরুতর পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

