‘উন্নত প্রযুক্তির’ নামে গ্রাহকদের পকেট কাটা হচ্ছে—এমন অভিযোগ তুলে বিদ্যুতের প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রাজশাহীর গোদাগাড়ীতে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটি ও জাতীয় প্রিপেইড মিটার প্রতিরোধ কমিটির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মশাল মিছিলটি ডাইংপাড়া স্বাধীন চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোদাগাড়ী উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
গোদাগাড়ী নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি ও বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সালাউদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সমাজ ও মানবকল্যাণ সংস্থার মহাসচিব নুরে আলম ওয়াহিদ, প্রতিবন্ধী অধিকার উন্নয়ন সংস্থার সভাপতি নজরুল ইসলাম, সুমন আলীসহ অন্যরা।
অ্যাডভোকেট সালাউদ্দিন বিশ্বাস বলেন, প্রিপেইড মিটারে রিচার্জের সময় বিভিন্ন ধরনের চার্জ ও অতিরিক্ত অর্থ কেটে নেওয়া হচ্ছে। এতে সাধারণ গ্রাহকদের ওপর আর্থিক চাপ বাড়ছে। কারিগরি জটিলতা ও আধুনিক প্রযুক্তির নানা নিয়মের কারণে গ্রাহকদের ভোগান্তিও বাড়ছে।
তিনি বলেন, গণবিরোধী প্রিপেইড মিটার বাতিল করে আগের মতো সাশ্রয়ী ও সহজ ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। একই সঙ্গে বিদ্যুৎ খাতে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ এবং গ্রাহকদের হয়রানি বন্ধ করতে হবে।
বক্তারা বলেন, আধুনিক ও উন্নত প্রযুক্তির নামে চালু করা ডিজিটাল প্রিপেইড মিটারের কারণে গ্রাহকদের অতিরিক্ত ব্যয় বহন করতে হচ্ছে। পাশাপাশি নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন তারা।
সমাবেশ থেকে গ্রাহক শোষণ ও হয়রানির অভিযোগে প্রিপেইড মিটার বাতিল, সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, বিদ্যুৎ খাত বেসরকারিকরণের তৎপরতা বন্ধ, বিদ্যুৎ সংকটের জনবান্ধব সমাধান, বিদ্যুৎ খাতে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ এবং বিদ্যুৎ গ্রাহকদের নামে করা হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

