আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তানোরে আওয়ামী লীগের কার্যালয় খুলে ইফতার আয়োজন

উপজেলা প্রতিনিধি, তানোর (রাজশাহী)

তানোরে আওয়ামী লীগের কার্যালয় খুলে ইফতার আয়োজন
ছবি: আমার দেশ

রাজশাহী-১ আসনের সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী-এর নিজ ইউনিয়ন তানোর উপজেলার কলমা ইউনিয়নের দরগাডাঙ্গা বাজারে তালাবদ্ধ থাকা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলে রমজানের প্রথম দিনে ইফতার আয়োজনের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার সন্ধ্যার আগ মুহূর্তে এ আয়োজন করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

অভিযোগ রয়েছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা কার্যালয় খুলে প্রকাশ্যে ইফতার মাহফিলের আয়োজন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ও যুবলীগ সভাপতি নাজিমুদ্দিন সরদার, কলমা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইদুল আযহা, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মামুনুর রশিদ এবং কলমা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বিপ্লবসহ স্থানীয় নেতাকর্মীরা।

কার্যালয় খুলে ইফতার আয়োজনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী আত্মগোপনে ছিলেন। এমন পরিস্থিতিতে প্রকাশ্যে কার্যালয় খুলে কর্মসূচি পালন করায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।

এদিকে, একই উপজেলার মুন্ডুমালা বাজারেও ইফতারের আড়ালে নিষিদ্ধ দলের নেতাকর্মীরা একত্রিত হচ্ছেন—এমন অভিযোগ উঠেছে স্থানীয় মহলে।

কলমা ইউনিয়নের দরগাডাঙ্গা বাজারস্থ আওয়ামী লীগ কার্যালয় খোলা প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক আয়োজকরা বলেন, পবিত্র রমজান উপলক্ষে দরগাডাঙ্গা আওয়ামী লীগ কার্যালয়ে ইফতার কর্মসূচি শুরু হয়েছে এবং ধারাবাহিকভাবে ৩০ দিন এ কার্যক্রম চলবে। স্থানীয়দের অংশগ্রহণে ইফতার বিতরণ কর্মসূচি আরও জোরদার করা হবে বলেও তারা জানান।

কলমা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, “বিষয়টি প্রশাসনের নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”

কলমা ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতা সেকেন্দার আলী বলেন, “আইনের শাসন সবার জন্য সমান হওয়া উচিত। নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন যদি প্রকাশ্যে কার্যক্রম চালায়, তাহলে তা অবশ্যই তদন্তসাপেক্ষ এবং আইনগতভাবে দেখা দরকার।”

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। অভিযোগের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন