বিল আটকে রাখায় ক্ষোভ

রাসিকের সব উন্নয়নকাজ বন্ধ ঘোষণা ঠিকাদারদের

রাসিকের সব উন্নয়নকাজ বন্ধ ঘোষণা ঠিকাদারদের

বিল না পেয়ে সব উন্নয়নকাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ঠিকাদাররা। বুধবার বেলা সাড়ে ১১টায় নগরীর সপুরা এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে সমাবেশ করে তারা এ ঘোষণা দেন।

এ সময় ঠিকাদাররা দাবি করেন, তাদের বিলের প্রায় ২৫০ ফাইল আড়াই মাস ধরে টেবিলে ফেলে রেখেছেন সিটি করপোরেশনের সচিব রুমানা আফরোজ। এতে ১৫ জন ঠিকাদারের প্রায় ১০০ কোটি টাকা আটকে আছে। পাওনা টাকা না পেয়ে তারা শ্রমিকের মজুরি দিতে পারছেন না। এ অবস্থায় কাজ বন্ধ করে দেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় নেই।

বিজ্ঞাপন

সমাবেশে ঠিকাদার রেজাউল করিম বলেন, ‘গত ২০ জুলাই আমরা সংবাদ সম্মেলন করে বিল ছাড় করার অনুরোধ জানিয়েছিলাম। এরপরও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। আমাদের সঙ্গে আলোচনারও প্রয়োজন বোধ করেনি। ফলে আমাদের এখন কাজ বন্ধ করতেই হচ্ছে।’

আগামী রোববার শ্রমিক ও সর্দারদের নিয়ে নগর ভবনের সামনে সমাবেশ করা হবে জানিয়ে ঠিকাদার সালাহউদ্দিন গাজী বলেন, ‘নগরীর চারটি ফ্লাইওভার, ছয়টি কাঁচাবাজারসহ বেশকিছু রাস্তার কাজ চলছে। আমরা মাসে মাসে বিল নিয়ে কাজ করি। কিন্তু নতুন প্রশাসন কোনো বিলই ছাড়ছে না। এ অবস্থায় শ্রমিকরা টাকার জন্য বাড়ির সামনে চলে আসছেন। আমরা বাড়ি থেকে বের হতে পারছি না। তাই কাজ বন্ধ করা ছাড়া কোনো উপায় নেই।’

আরেক ঠিকাদার ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান শাকিল বলেন, ‘হাতে টাকা না থাকায় ঠিকাদাররা দ্রুত কাজ শেষ করতে পারছেন না। ফলে কাজ চলমান অবস্থায় রাস্তায় প্রতিনিয়ত বিভিন্ন দুর্ঘটনা ঘটছে। পাশাপাশি প্রচুর দূষণ হচ্ছে। রাজশাহী যে গ্রিন সিটি, সেটা আগামীতে থাকবে কি না তা নিয়ে সন্দেহ আছে। ফ্যাসিস্ট আমলে আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে, এখনো নব্য স্টাইলে আমাদের সঙ্গে অন্যায় করা হচ্ছে। কর্তৃপক্ষের মনে রাখা দরকার, আমাদের ওপর কয়েক হাজার পরিবার নির্ভরশীল। তারাও খুব কষ্টে আছে।’

বিষয়টি নিয়ে রাসিকের সচিব রুমানা আফরোজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কথা বলবেন না বলে জানান।

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘কোথায় ঠিকাদারদের ২৫০ ফাইল আটকে আছে আমি জানি না। বিল আটকে থাকলে তো তারা আমাদের জানাতেন। আমাকে তো কেউ জানাননি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন