চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের কাঁটাতারের বেড়া ও রাস্তা নির্মাণকে কেন্দ্র করে টানা চারদিন উত্তেজনার পর পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার নিজ নিজ দেশের সীমানায় স্বাভাবিকভাবে টহল দিয়েছে বিজিবি ও বিএসএফ সদস্যরা। এর আগে সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতিতে দুই বাহিনী জনবল ও শক্তি বৃদ্ধি করলেও তা প্রত্যাহার করে নেয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরোধপূর্ণ সীমান্তে মাত্র চারজন বিজিবি সদস্যকে টহল দিতে দেখা গেছে। সীমান্তের ওপারেও কয়েকজন বিএসএফ সদস্য টহল দিচ্ছে। বাংলাদেশ অংশে উৎসুক জনতার ভিড় থাকলেও ভারতীয় অংশে কোন সাধারণ নাগরিককে দেখা যায়নি।
চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, সীমান্ত পরিস্থিতি একেবারেই স্বাভাবিক রয়েছে। এর আগে বুধবার বিকালে পতাকা বৈঠক সীমান্তে আপাতত বিএসএফ রাস্তা বা কাঁটাতারের বেড়া নির্মাণকাজ বন্ধ রাখতে সম্মত হয় বিএসএফ।
গত রোববার সকালে ভারতের মালদহ জেলার গোপালগঞ্জ থানার সুকদেবপুর বিএসএফ কাম্পের সদস্যরা সীমান্ত ঘেঁষে রাস্তা ও কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করলে বাধা দেয় বিজিবি। পরবর্তীতে মঙ্গলবার আবারও কাজ শুরু করলে দ্বিতীয়বারের মতো বাধা দেয়া হয়। এ নিয়ে সীমান্তে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

