রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে ১১দলীয় ঐক্যজোটের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে আগামী শনিবার। এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে সমাবেশ হবে বেলা ৩টায়।
সমাবেশে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহী অঞ্চল পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে বক্তব্য দেবেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা সরওয়ার কামাল আজিজী, আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রাশেদ খান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অলি আহমদ, খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চাঁন।
বৃহস্পতিবার দুপুরে নগরীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে মহানগর জামায়াতের সেক্রেটারি এমাজ উদ্দিন মণ্ডল বলেন, নির্বাচনের পর এই প্রথমবারের মতো বড় রাজনৈতিক সমাবেশে যোগ দিতে রাজশাহীতে আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তার আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। রাজশাহী বিভাগের আট জেলার ১১দলীয় ঐক্যজোটের নেতাকর্মী ও সাধারণ মানুষ এই জনসভায় অংশ নেবেন।
তারা আরো বলেন, ডা. শফিকুর রহমানের আগমন জামায়াত ও ১১দলীয় জোটের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। এ জনসভা রাজশাহীসহ পুরো বিভাগের সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করবে।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, জনসভা সফল করতে তৃণমূল পর্যায়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে জোটের পক্ষ থেকে বিশেষ স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করা হয়েছে। উৎসবমুখর পরিবেশে জনসভা আয়োজনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
দলীয় সূত্র জানায়, রাজশাহীর বিভাগীয় জনসভায় ডা. শফিকুর রহমান জুলাই সনদ বাস্তবায়ন, বিভিন্ন ক্ষেত্রে জনদুর্ভোগ নিরসন এবং ফারাক্কা ইস্যুতে পদ্মার পানির ন্যায্য হিস্যাসহ বিভিন্ন রাজনৈতিক ও জনসম্পৃক্ত বিষয়ে বক্তব্য তুলে ধরবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও জনসভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক রফিকুল ইসলাম, মহানগর জামায়াতের আমির ডা. মাওলানা কেরামত আলী এমপিসহ ১১দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা।
মহানগর জামায়াতের সেক্রেটারি ও জনসভা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব এমাজ উদ্দিন মণ্ডল বলেন, মূলত তিনটি মৌলিক দাবি— গণভোটের রায় বাস্তবায়ন, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসন এবং পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতেই এই জনসভার আয়োজন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এ জনসভা জনসমুদ্রে পরিণত হবে।
এদিকে ডা. শফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে রাজশাহী নগরীসহ বিভাগের বিভিন্ন জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তাকে স্বাগত জানিয়ে মোড়ে মোড়ে টানানো হয়েছে ব্যানার-ফেস্টুন। জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জামায়াতে ইসলামী।
মহানগর জামায়াতের আমির ডা. মাওলানা কেরামত আলী বলেন, সমাবেশকে শান্তিপূর্ণ করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি), জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সহযোগিতা করবে বলে তারা আশাবাদী।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

