তাড়াশে রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ, এলাকাবাসীর বাধা

উপজেলা প্রতিনিধি, তাড়াশ (সিরাজগঞ্জ)

তাড়াশে রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ, এলাকাবাসীর বাধা
স্তূপ করা নিম্নমানের ইট

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের কুন্দইল গ্রামে শাহানুরের বাড়ি হতে জাহিদুলের বাড়ি পর্যন্ত ১৫০ ফিটের ইট সলিংয়ের রাস্তায় নিম্নমানের ইট ব্যবহার করার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান মো জুলফিকার আলী ভুট্টোর বিরুদ্ধে। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা কাজে বাধা দিয়েছেন।

বিজ্ঞাপন

সরেজমিন দেখা গেছে, রাস্তায় ব্যবহৃত ইটগুলোর ৭৫ ভাগই আদলা প্রকৃতির ও দুই এবং তিন নম্বর ইট। যা যাত্রীবোঝাই ভ্যানের চাপেই ভেঙে যাচ্ছে। স্থানীয়দের বাধা উপেক্ষা করেই ওই রাস্তার কাজ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান, গত অর্থবছরের ইউনিয়ন পরিষদের অবকাঠামো উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়াতে এলজিএসপি প্রকল্পে সগুনা ইউনিয়নের কুন্দইল গ্রামে ইট সলিংয়ের জন্য বরাদ্দ আসে। কিন্তু উক্ত কাজে স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রভাব দেখিয়ে নিম্নমানের ইট ব্যবহার করছে বলে অভিযোগ ওঠে।

কর্মরত শ্রমিকরাও নিম্নমানের ইট ব্যবহারের কথা স্বীকার করে জানিয়েছেন, ‘চেয়ারম্যান আমাদের যে ইট দিয়েছে তা দিয়েই আমরা কাজ করি। আমাদের করার কিছু নেই। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, ইট সলিংয়ের কাজে নিম্নমানের ইট দিয়ে কাজ করায় আমরা বাধা দেয়ার সিদ্ধান্ত নিই।

আমাদের সিদ্ধান্ত উপেক্ষা করে নিম্নমানের ইট দিয়ে কাজ করে যাচ্ছেন চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো। এ বিষয়ে সগুনা ইউপি চেয়ারম্যান মো. জুলফিকার আলী ভুট্টোকে মোবাইলে ফোন করা হলে কল রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শামীম হোসেন জানান, আমরা এখনো কাজের বিল পরিশোধ করিনি। যদি রাস্তার কাজে দুই নম্বর ইট ব্যবহার করে তাহলে চেয়ারম্যানকে ভালো ইট দিয়ে ঠিক করে দিতে হবে। নচেৎ বিল পাবেন না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...