নওগাঁর মান্দায় হাসপাতালে ছেলেকে দেখতে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় জাহেদা বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
রোববার বেলা ১১টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের বিজয়পুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহেদা উপজেলার কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা গ্রামের মনসুর রহমানের স্ত্রী।
মান্দা থানার ওসি মনসুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ছেলেকে দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন জাহেদা। বিজয়পুর মোড়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ভটভটি তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
নিহতের পুত্রবধূ দিলরুবা বেগম বলেন, আমার স্বামী রহিদুল ইসলাম মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তাকে দেখতে যাওয়ার পথে শাশুড়ি চিরতরে চলে গেলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

