আমার দেশ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিসহ দুই সাংবাদিককে পেটাল দুর্বৃত্তরা

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)

আমার দেশ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিসহ দুই সাংবাদিককে পেটাল দুর্বৃত্তরা

দৈনিক আমার দেশ -এর চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত তারেক রহমানসহ দুই সাংবাদিকের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তারা।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে জেলা শহরের বাতেন খাঁ মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১০টার দিকে শহরের বাতেন খাঁ মোড় এলাকায় বসে চা খাচ্ছিলেন দুই সাংবাদিক। এ সময় মদ্যপ অবস্থায় ৬ থেকে ৭ জন সন্ত্রাসী স্থানীয়দের গালিগালাজ করতে থাকে। এতে বাঁধা দেন সাংবাদিক তারেক আজিজ। এতে ক্ষিপ্ত হয়ে প্রথমে তাকে বেধড়ক মারধর করে সন্ত্রাসীরা। পরে আমার দেশের সাংবাদিক তারেক রহমান বাধা দিতে গেলে তাকেও রাস্তায় ফেলে প্রায় ৩০ মিনিট ধরে মারধর করা হয়।

আহত মাই টিভির সাংবাদিক তারেক আজিজ জানান, “বাতেন খাঁ মোড়ে আমার দেশের অফিস থেকে নেমে একটি চায়ের দোকানে আমরা বসছিলাম। এ সময় শহরের নিমতলা এলাকার রাব্বি ও তার সঙ্গে থাকা কয়েকজন সন্ত্রাসী মদ্যপ অবস্থায় স্থানীয়দের গালিগালাজ করছিল। এতে বাধা দিলে তারা আমাদের পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায়।” বর্তমানে আহত দুই সাংবাদিক চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...