বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান বিএনপি সরকার জনগণের কাছে দেয়া প্রত্যেকটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে পূরণ করতে বদ্ধপরিকর। তিনি বলেন, নির্বাচনের ১ মাসের মধ্যেই সরকার প্রধান প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম এবং ইমাম মোয়াজ্জিন ও অন্যান্য ধর্ম গুরুদের ভাতা প্রদান কার্যক্রম শুরু করেছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) নাটোর জেলা পরিষদ কার্যালয় চত্বরে নাটোর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দুলু আরো বলেন, আগামী পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড বিতরণের কার্যক্রম সরকার শুরু করতে যাচ্ছে। কৃষক কার্ডের মাধ্যমে প্রান্তিক কৃষক বীজ সার ও কীটনাশক বিনামূল্যে পাবেন। এরই মধ্যে সরকার কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফের সিদ্ধান্ত ঘোষণা করেছেন। এছাড়া প্রতিশ্রুতি অনুযায়ী শহীদ জিয়ার যুগান্তকারী খাল খনন কর্মসূচিও সরকার ইতোমধ্যেই শুরু করেছেন।
নাটোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য মো, আনোয়ারুল ইসলাম আনু, নাটোরের পুলিশ সুপার মো. আব্দুল ওয়াহাব, জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ ও নাটোর জেলা বিএনপির সদস্য সচিব মো. আসাদুজ্জামান আসাদ।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু এ সময় আরো বলেন, আমরা ১৭ বছরের দীর্ঘ কষ্টের জীবন পাড়ি দিয়ে এখানে এসেছি। আমাদের দেশনেত্রী মরহুমা খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিএনপি'র প্রায় সকল নেতাকর্মী ওই সময় জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন। তখন আমরা যেমন ঐক্যবদ্ধ ছিলাম এখন তারেক রহমানের নেতৃত্বে দেশ গঠনেও আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ধৈর্য ধারণ করতে হবে।
দুলু বলেন, আজকের জেলা পরিষদ প্রশাসক রহিম নেওয়াজও সে সময় এই কার্যালয়ের অদূরে নৃশংস হামলার শিকার হয়ে মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন। তিনি তার সেই ত্যাগ স্বীকারের মূল্যায়ন আজ পেলেন। দুলু বলেন নাটোরের জনগণ অচিরেই গ্যাস লাইনের সংযোগ পাবেন। নাটোরে গ্যাসের সংযোগ আসলে নতুন নতুন মিল কলকারখানা গড়ে উঠবে, এর মাধ্যমে নাটোরের বেকার সমস্যার সমাধান হবে। দুলু হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নাটোরের মাটিতে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি কোনভাবেই বরদাস্ত করা হবে না।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

