নওগাঁয় আবারও অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, চরম ভোগান্তিতে যাত্রীরা

নওগাঁয় আবারও অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, চরম ভোগান্তিতে যাত্রীরা
জেলার অভ্যন্তরীণসহ দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ

প্রশাসনের আশ্বাসে বন্ধ হওয়ার একদিন যেতে না যেতেই নওগাঁয় আবারও শুরু হয়েছে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট। চালককে পুনরায় মারধরের প্রতিবাদ ও মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার বন্ধের দাবিতে বুধবার সকাল ৭টা থেকে জেলার অভ্যন্তরীণসহ দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকরা।

বিজ্ঞাপন

এর আগে গত শনিবার নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানো নিয়ে বিতর্ক ও তার জের ধরে পত্নীতলার নজিপুরে বাসচালক রুবেল হোসেন ও সুপারভাইজারকে অতর্কিত মারধর করেন সিএনজি অটোরিকশা চালকরা। ওই ঘটনার বিচার ও অবৈধ যান চলাচলের প্রতিবাদে রোববার প্রথম দফায় ধর্মঘটের ডাক দেন শ্রমিকরা।

পরবর্তীতে জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে একাধিক বৈঠকের পর সোমবার রাতে সমঝোতা হলে মঙ্গলবার সকাল থেকে বাস চলাচল স্বাভাবিক হয়।

তবে ধর্মঘট প্রত্যাহারের একদিন পরই মঙ্গলবার নওগাঁর বদলগাছীতে বাস নিয়ে গেলে সিএনজি অটোরিকশা চালকরা এক বাসচালককে আবারও মারধর করেন। এই ঘটনার সুষ্ঠু বিচার ও মহাসড়কে অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য বন্ধের দাবিতে বুধবার সকাল ৭টা থেকে বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে রাজশাহী, জয়পুরহাট, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জসহ অভ্যন্তরীণ ও দূরপাল্লার সকল রুটের বাস চলাচল বন্ধ করে দেন ক্ষুব্ধ শ্রমিকরা।

বাস মালিক ও শ্রমিক নেতাদের অভিযোগ, নিয়ম অনুযায়ী সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিএনজিচালিত অটোরিকশা শহরের বাইরে দূরপাল্লার রুটে যাত্রী পরিবহন করতে পারবে না। কিন্তু এই নির্দেশনা তোয়াক্কা না করে আঞ্চলিক মহাসড়কে অবাধে এসব যান চলায় প্রায়ই দুর্ঘটনা ও শ্রমিকদের সঙ্গে সংঘাতের সৃষ্টি হচ্ছে। মহাসড়কে থ্রি-হুইলার চলাচল সম্পূর্ণ বন্ধ না হওয়া পর্যন্ত আরও কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন তারা।

নওগাঁ জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী বলেন, প্রশাসনের সঙ্গে আলোচনার সিদ্ধান্তের বিষয়ে লিখিত কোনো কাগজপত্র আমাদের দেওয়া হয়নি। ফলে সাধারণ শ্রমিকেরা নিরাপত্তাবোধ করছেন না। লিখিত আশ্বাস পাওয়া গেলে আজই বাস চলাচল স্বাভাবিক করা হবে।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, পরিবহন সংশ্লিষ্টদের অভ্যন্তরীণ কিছু দ্বন্দ্বে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাদের যৌক্তিক দাবিগুলো পূরণের নিশ্চয়তা দেওয়া হয়েছে। বাস চলাচল স্বাভাবিক করতে শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে, আশা করছি খুব দ্রুতই যান চলাচল স্বাভাবিক হবে।

হঠাৎ ধর্মঘটের কারণে গন্তব্যে পৌঁছাতে গিয়ে চরম বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। বিকল্প যানবাহনে যাতায়াত করতে গিয়ে দিতে হচ্ছে অতিরিক্ত ভাড়া, নষ্ট হচ্ছে মূল্যবান সময়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন