বগুড়ার কাহালুর কাজীপাড়ায় ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালকসহ চারজন নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় নিহত চারজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন ময়মনসিংহ জেলার সদর উপজেলার রাঘবপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে লুৎফর রহমান (৫০)। তিনি পেশায় মাছ ব্যবসায়ী।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে একটি পিকআপ নওগাঁতে মাছ বিক্রি করে ফিরছিল। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের কাজিপাড়া এলাকায় অন্য একটি যানবাহনকে ওভারটেক করার সময় নওগাঁগামী মালবোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিক-আপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং চালক, হেলপারও দুইজন মাছ ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন।এদের ৪ জনকেই স্থানীয় লোকজন ট্রাক কেটে উদ্ধার করে।
দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক হেলপার পালিয়ে যায়। দুর্ঘটনার কারণে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। কাহালু থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকআপ সরিয়ে নেয় এবং চারজনের লাশ উদ্ধার করে।
ওসি বলেন, নিহত লুৎফর রহমানের পরিবারের কাছে সংবাদ পাঠানো হয়েছে। নিহত অপর তিনজনের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

