রাজনৈতিক অঙ্গনে তোলপাড়

আ.লীগ নেতার আয়োজনে বিএনপির এমপিকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার, বগুড়া

আ.লীগ নেতার আয়োজনে বিএনপির এমপিকে সংবর্ধনা
ছবি: আমার দেশ

বগুড়ার শাহজাহানপুরে বিএনপির (গাবতলী-শাহজাহানপুর) সংসদ সদস্যকে আওয়ামী লীগের নেতার আয়োজনে সংবর্ধনা দেওয়া হয়েছে- এমন খবরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

আওয়ামী লীগ সরকারের সময়ের শাহজাহানপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও গোহাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজুর উদ্যোগে বিএনপির মনোনীত সংসদ সদস্য মোরশেদ মিলটনকে গণসংবর্ধনা দেওয়ার ঘটনায় রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকেলে গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে পুরো এলাকা ব্যানার, ফেস্টুন ও পোস্টারে সাজানো হয়। সেখানে গাছে গাছে সড়কে, ব্যানার-ফেস্টুনে ছেয়ে যায় ঐ আওয়ামী নেতার নামের প্রচারণা। স্থানীয়দের দাবি, অনুষ্ঠান সফল করতে কয়েক লাখ টাকা ব্যয় করা হয়েছে। তবে অনুষ্ঠানের মূল উদ্যোক্তা হিসেবে আলোচিত চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু সরাসরি মঞ্চে উপস্থিত না থেকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অবস্থান করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে ফজু স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। পরে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পর তিনি নতুন রাজনৈতিক বাস্তবতায় নিজ অবস্থান সুদৃঢ় করার চেষ্টা করছেন বলে এলাকায় গুঞ্জন ছড়িয়ে পড়ে।

স্থানীয় সাংবাদিক ও বেশ কয়েকজন নেতার চাপের মুখে৷ মাঠে সংবর্ধনা অনুষ্ঠান হলেও আওয়ামী লীগের ওই নেতা পরিষদ কার্যালয়ে অবস্থান করে। একাংশের মতে, বিএনপির শীর্ষ নেতাকে সংবর্ধনা দেওয়ার এই আয়োজন ছিল রাজনৈতিকভাবে নতুন করে প্রতিষ্ঠার একটি অপকৌশল। যদিও পুরো আয়োজনের নেপথ্যে থাকার অভিযোগ উঠেছে ফজুর বিরুদ্ধে।

এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা ফজুর সঙ্গে যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। সংসদ সদস্যর ফোনে যোগাযোগ করা হলে তার পিএস আসাদ বলেন, ‘এমপি সাহেব একটু ট্রেনিংয়ে রয়েছেন। তবে গতকাল ওই অনুষ্ঠানে এমপি সাহেব যোগ দিয়েছেন। ’

এ ঘটনাকে কেন্দ্র করে শাহজাহানপুরসহ বগুড়ার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা, সমালোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রশ্ন— একজন সাবেক আওয়ামী লীগ নেতার এমন উদ্যোগের রাজনৈতিক তৎপরতা প্রশ্নের মুখে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন