নাটোরে আইটি বেইজড স্কাউট ট্রেনিং সেন্টার নির্মাণকাজ শুরু

আব্দুস সালাম, নাটোর

নাটোরে আইটি বেইজড স্কাউট ট্রেনিং সেন্টার নির্মাণকাজ শুরু
ছবি: সংগৃহীত

রাজশাহী বিভাগের প্রথম ‘আইটি বেইজড স্কাউট ট্রেনিং সেন্টার’ নির্মাণকাজ শুরু হয়েছে নাটোরে। গত শনিবার দুপুরে সেন্টার নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ বলেন, আমরা চাই সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে উঠুক। স্কাউট আন্দোলনের মাধ্যমে আনন্দময় পড়াশোনার পাশাপাশি সৃজনশীল কার্যক্রমে নিয়োজিত হওয়ার সুযোগ আছে। নিজেকে সুন্দর ও সৃজনশীল হিসেবে গড়ে তুলতে পারলে আলোকিত হবে সমাজ, সমৃদ্ধ হবে দেশ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ মহিউদ্দিন খাঁ এবং বাংলাদেশ স্কাউটসের প্রাথমিক বিদ্যালয়সমূহের কাব স্কাউটিং সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক রুহুল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোরের জেলা প্রশাসক ও নাটোর জেলা স্কাউটস ও রোভারের সভাপতি আসমা শাহীন।

শহরের স্টেশন হাফরাস্তা এলাকায় তিন কোটি টাকা ব্যয়ে ওপরে ছয়তলা ভিতের ওপরে তিনতলা ভবন নির্মাণের কাজ বাস্তবায়ন করছে বাংলাদেশ স্কাউটস। প্রায় তিন হাজার বর্গফুটের প্রতিটি তলার মধ্যে নিচতলায় সুপরিসর উন্মুক্ত প্যাসেজ, ডাইনিং ও কিচেন এবং ওয়াশ জোন, দ্বিতীয় তলায় সেশন হল ও অফিস কক্ষ এবং তৃতীয় তলায় ডরমেটরি থাকছে। আগামী এক বছরে নির্মাণকাজ শেষ হবে।

বাংলাদেশ স্কাউটসের প্রাথমিক বিদ্যালয়সমূহে কাব স্কাউটিং সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক রুহুল আমিন জানান, রাজশাহী বিভাগের প্রথম প্রশিক্ষণ সেন্টার হিসেবে এই ভবনে নাটোর তথা রাজশাহী বিভাগের স্কাউটস কার্যক্রম আরো জোরদার হবে, পাশাপাশি তথ্যপ্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা সম্ভব হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন