বগুড়ার শেরপুর উপজেলার কৃষ্ণপুর নামাপাড়া এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার রাত আনুমানিক ৮টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিরুন বেওয়া উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের রহমতপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।
স্থানীয়দের বরাতে জানা যায়, মহাসড়ক পারাপারের সময় একটি ট্রলি আমিরুন বেওয়াকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রলিটিতে হেডলাইট না থাকায় অন্ধকারের মধ্যে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।
খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রলিটি জব্দ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
হাইওয়ে থানার ওসি রইস উদ্দিন জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রলিটি জব্দ করা হয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

