ঈশ্বরদীর রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের নতুন পরিচালক (পিডি) হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. কবীর হোসেন। তিনি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের মানব সম্পদ বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ এস এম মোসা সাক্ষরিত এক অফিস আদেশে ড. কবীর হোসেনকে এ নিয়োগ দেওয়া হয়।
অফিস আদেশটি রোববার সাক্ষর করা হলেও এটি সোমবার রাতে গণমাধ্যম কর্মীরা জানতে পারেন।
আদেশে বলা হয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সংস্থা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন কর্তৃক বাস্তবায়নাধীন "রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ" প্রকল্পের পরিচালক হিসেবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন-এর ড. মো. কবীর হোসেন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, মানব সম্পদ বিভাগ-কে নিয়োগ করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
অফিস আদেশটি পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান, রুপপুর প্রকল্পের পরিচালক ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের চিফ একাউন্টস ও ফাইন্যান্স অফিসারকে দেওয়া হয়েছে বলে জানানো হয়।
ড. কবীর হোসেন ২০০০ সালে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে যোগদান করেন। তিনি ২০২৪-২৫ সালে উপপ্রকল্প পরিচালক এবং ২০১৯-২০২৪ সালে মানবসম্পদ ব্যবস্থাপনা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন, যেখানে তিনি মানবসম্পদ উন্নয়ন, আইএইএ এবং রাশান ফেডারেশনের সঙ্গে প্রশিক্ষণ কর্মসূচি সমন্বয় এবং প্রকল্পের গুরুত্বপূর্ণ পর্যায়ের নকশা ও বাস্তবায়নে অবদান রেখেছেন।
এছাড়া তিনি আইএইএ, জাপান এটমিক এনার্জি রিসার্চ ইনস্টিটিউট, রাশিয়ার ওবনিনস্কের সিআইসিইটি এবং আরসিএ এর আয়োজিত আন্তর্জাতিক প্রশিক্ষণ, ওয়ার্কশপ এবং মিশনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেছেন এবং প্রকল্প বাস্তবায়ন ও পরমাণু অবকাঠামো উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

