১৭ বছর পর সান্তাহার কারিগরি কলেজে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৭ বছর পর সান্তাহার কারিগরি কলেজে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বগুড়ার আদমদীঘিতে ১৭ বছর পর সান্তাহার কারিগরি কলেজের ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় কলেজ প্রাঙ্গণে চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল মহিত তালুকদার।

জানা গেছে, সান্তাহার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়ে ২০০৪ সালে এমপিওভুক্ত হয়। তৎকালীন বিএনপির সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদারের প্রত্যক্ষ সহযোগিতায় পশ্চিম বগুড়ার এই কলেজটি কারিগরি শাখায় বেশ সুনাম অর্জন করে। তা ছাড়া কারিগরি শাখায় উপজেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক ও শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন কয়েকবার।

বিজ্ঞাপন

কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা বললে তিনি জানান, প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠাকালীন সময়ে বিএনপির সংসদ সদস্যের প্রত্যক্ষ মদদ থাকায় বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকারের কোনো অনুদান পায়নি। যখনই কোনো অনুদানের আবেদন করা হতো, তখনই এই কলেজকে বিএনপির প্রতিষ্ঠান ট্যাগ লাগানো হতো। তবুও আমরা থেমে থাকিনি। তাই নিজেদের ঐকান্তিক প্রচেষ্টায় কলেজটিকে একটি আদর্শ ও শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে দাঁড় করিয়েছি।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার, কামরুল হাসান মধু, সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম আক্তারুজ্জামান মিঠু, সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, সহসভাপতি ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন, ওই কলেজের অধ্যক্ষ ছায়ফুল ইসলাম, সহকারী অধ্যাপক কেএম ময়নুল হাসান, ওবায়দুর রহমান, তোফায়েল হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম, জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান জিকো, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এসএম জুয়েল রানা, সাবেক কাউন্সিলর মমতাজুর রহমান, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম খোকন ও পৌর জাসাসের সভাপতি জামিউল হক প্রমুখ।

উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বগুড়ার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে এ ভবন নির্মাণ করা হচ্ছে। নতুন একাডেমিক ভবন নির্মিত হলে কলেজের শিক্ষার পরিবেশ ও পাঠদান কার্যক্রম আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন