আমের ‘ঢলতা’ প্রথা বাতিল ও প্রসেসিং সেন্টারের দাবিতে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, পুঠিয়া (রাজশাহী)

আমের ‘ঢলতা’ প্রথা বাতিল ও প্রসেসিং সেন্টারের দাবিতে মানববন্ধন

রাজশাহীর ঐতিহ্যবাহী বানেশ্বর আমহাটে আমচাষি ও ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি আবারও জোরালোভাবে তুলে ধরা হয়েছে। আমের প্রচলিত ‘ঢলতা’ প্রথা বাতিল, উৎপাদকদের ন্যায্যমূল্য নিশ্চিত এবং রাজশাহীতে আধুনিক আম প্রসেসিং সেন্টার স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন আমচাষি ও ব্যবসায়ীরা।

মঙ্গলবার সকাল ১১টা ৪৫ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত পুঠিয়া উপজেলার বানেশ্বর আমহাটের সামনে চারঘাট সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে আমচাষি, ব্যবসায়ী ও আমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

বিজ্ঞাপন

মানববন্ধনে নেতৃত্ব দেন আমের ভ্যালু চেইন প্রমোশনাল বডির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম। এ সময় বক্তারা বলেন, আম বিপণনের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে চলে আসা ‘ঢলতা’ প্রথার কারণে কৃষক ও ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ছেন। এ প্রথা বাতিল করে স্বচ্ছ ও ন্যায্য বাজারব্যবস্থা চালু করার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, রাজশাহী অঞ্চলে প্রতিবছর বিপুল পরিমাণ আম উৎপাদিত হলেও পর্যাপ্ত সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ সুবিধা না থাকায় মৌসুমে অনেক সময় কৃষকদের লোকসান গুনতে হয়। আম সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি কার্যক্রম বাড়াতে রাজশাহীতে একটি আধুনিক আম প্রসেসিং সেন্টার স্থাপন এখন সময়ের দাবি।

মানববন্ধনে বক্তারা আমচাষিদের উৎপাদন খরচ বিবেচনায় ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তারা বলেন, আম শিল্পকে টেকসই করতে হলে কৃষক, ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের স্বার্থ রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন।

কর্মসূচি থেকে জানানো হয়, এসব দাবি বাস্তবায়নের লক্ষ্যে শিগগিরই রাজশাহীর বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করা হবে।

শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি দুপুর ১২টার দিকে শেষ হয়। আয়োজকরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়গুলো তুলে ধরবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন