পাবনার চাটমোহরে প্রতি লিটার অকটেন ৫০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। এছাড়া পেট্রোল বিক্রি হচ্ছে ১৪০ টাকায় এবং ডিজেল বিক্রি হচ্ছে ১১৫ টাকায়।
উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নে খোলবাজারে প্রতি লিটার অকটেন ১২০ টাকার পরিবর্তে নেওয়া হচ্ছে ১৭০ টাকা, ১১৬ টাকার পেট্রোল দেওয়া হচ্ছে ১৪০ টাকায় এবং ১০০ টাকার ডিজেল বিক্রি হচ্ছে ১১৫ টাকায়।
একাধিক মোটরসাইকেলচালক জানান, যুদ্ধের অজুহাতে আমাদের কাছ থেকে অকটেন ৫০ টাকা, পেট্রোল ২৪ টাকা করে বেশি আদায় করা হচ্ছে।
বর্তমান আমেরিকা-ইরান-ইসরাইল যুদ্ধের কারণে সংকটময় পরিস্থিতিতে দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির আশঙ্কায় তেল পাম্পে ভিড় বাড়ছে। অনেক অসাধু ব্যবসায়ীরা তেল মজুতের পাঁয়তারা করছেন।
চাটমোহরের একমাত্র তেল পাম্প সালসাবিল ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী কে এম সাঈদ উল ইসলাম কাফি জানান, পাম্পে প্রতি লিটার ডিজেল ১০০ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং অকটেন ১২০ টাকা লিটার বিক্রি করছি। তবে তেল প্রাপ্তির তুলনায় চাহিদা বেশি বলে জানান তিনি।
এদিকে তেলের দাম বাড়তি নেওয়ার ব্যাপারে চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী জানান, অচিরেই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

