পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ২ ব্যবসায়ী নিহত

উপজেলা প্রতিনিধি, পত্নীতলা (নওগাঁ)

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ২ ব্যবসায়ী নিহত
ছবি: আমার দেশ

নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় মতিউর রহমান ও নাজমুল হোসেন নামে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন।

স্থানীয় এলাকাবাসী, থানার পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার নজিপুর থেকে হিলি যাওয়ার পথে পত্নীতলা উপজেলায় পাটিচরা ইউনিয়নের আমিনাবাদ এলাকায় রোববার দিবাগত রাত পৌনে ৯টার দিকে একটি প্রাইভেট কার দুর্ঘটনার কবলে পড়ে।

বিজ্ঞাপন

অনেকের ধারণা, কার নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ওই গাড়ির চালক ও অপরজনকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। কারটি দুমড়ে-মুচড়ে যায়।

পরে পত্নীতলা উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে দ্রুত উদ্ধার করে গুরুতর আহতদের পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

হাসপাতালের চিকিৎসক দুই ব্যক্তিকেই মৃত ঘোষণা করেন।

মৃত ব্যক্তিরা হলেন—গাড়িচালক মতিউর রহমান (৪৫) ও নাজমুল হোসেন (৪৪)। নিহতদের বাড়ি জেলার মান্দা উপজেলার চৌবাড়িয়া এলাকায়। মতিউর রহমান কাঠ ব্যবসায়ী এবং নাজমুল হোসেন স্টিলের আসবাব ব্যবসায়ী বলে জানা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার ওসি নিয়ামুল হক আমার দেশকে বলেন, 'দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী নেই। প্রাইভেট কারে থাকা দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় থানায় সড়ক পরিবহন আইনে মামলা রেকর্ড করা হয়েছে। নিহতদের লাশ সোমবার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন