বগুড়ার শাজাহানপুরে নিখোঁজের তিন দিন পর ইসলামী ছাত্রশিবিরের এক নেতার লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম মেরাজুল ইসলাম তমাল (১৮)। তিনি বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী এবং উপজেলার আড়িয়া ইউনিয়নের নয়মাইল জামালপুর গ্রামের হারুনুর রশিদের ছেলে।
দায়িত্ব পালন করছিলেন নয়মাইল জামালপুর এলাকায় শিবিরের ওয়ার্ড সভাপতি হিসেবে। তিন দিন আগে নদীতে গোসলে নেমে নিখোঁজ হন তিনি।
জানা গেছে, শুক্রবার সকালে কাজিপুর উপজেলার যমুনা নদীর মেঘাই ঘাট এলাকা থেকে নিখোঁজ শিবির নেতা তমালের লাশ উদ্ধার করেন স্থানীয়রা। গত ১১ জুন সকালে তিনি তার বাবা-মাসহ পরিবারের ১১ সদস্যের সঙ্গে কাজিপুর উপজেলার যমুনা নদীর মেঘাই ঘাটে বেড়াতে যান।
সেখানে মামাতো ভাইয়ের সঙ্গে যমুনা নদীতে গোসল করতে নামেন। এক পর্যায়ে নদীতে মামাতো ভাইয়ের সঙ্গে মোবাইল ফোনে সেলফি তুলে নিজের ফেসবুকেও পোস্ট করেন তমাল।
কিছুক্ষণ পর খবর আসে তমাল নদীতে ডুবে গেছেন। তারপর থেকে ফায়ার সার্ভিস ও ডুবুরিরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। এছাড়া আত্মীয়-স্বজনরাও যমুনা নদীর বিভিন্ন স্থানে গত দুদিন ধরে অনেক খোঁজাখুঁজি করেন।
নিখোঁজের তৃতীয় দিন নদীর একই স্থানে তার লাশ হঠাৎ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। তারা তমালের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে তার লাশ দাফন করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

