ভাড়া বাসায় তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

উপজেলা প্রতিনিধি, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)

ভাড়া বাসায় তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নুশরাত জাহান ইতি (২৫) নামে এক তরুণীর লাশ দাফনের সময় আটকে দিয়েছে পুলিশ। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

বিজ্ঞাপন

পারিবারিক সূত্রে জানা যায়, রাণীশংকৈল উপজেলার টিএন্ডটি সংলগ্ন এলাকার মৃত আজগর আলীর স্বামী-পরিত্যক্তা কন্যা নুশরাত জাহান ইতি ঠাকুরগাঁও শহরের বায়তুল আমান জামে মসজিদ সংলগ্ন ইয়াসিন আলীর বাড়িতে ভাড়া থাকতেন। কয়েকদিন ধরে তিনি নিজ কক্ষে অবস্থান করলেও পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে যোগাযোগ করেননি। মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া না পাওয়ায় স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

পরে ইতির ভগ্নিপতি ঠাকুরগাঁওয়ে গিয়ে বাসার দরজা ভেঙে ঘরের ভেতর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেন। পরবর্তীতে লাশ দাফনের উদ্দেশ্যে রাণীশংকৈলে নিয়ে আসা হয়।

এদিকে, দাফনের প্রস্তুতির সময় খবর পেয়ে পুলিশ আইনগত প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় দাফন কার্যক্রম স্থগিত করে। পরে লাশটি ঠাকুরগাঁও সদর থানার মাধ্যমে মর্গে পাঠানো হয়।

রাণীশংকৈল ওসি তদন্ত রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে বিস্তারিত তথ্য সদর থানার কাছে রয়েছে। আইনগত প্রক্রিয়া অনুসরণ করে লাশ সেখানে পাঠানো হয়েছে।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান আলী জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে তদন্ত চলছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন