চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জেলা প্রশাসনের নতুন নির্দেশনায় বৈধ কাগজপত্র ও হেলমেট ছাড়া মোটরসাইকেলে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে না। শনিবার দুপুরে উপজেলার কানসাটে মেসার্স সুমন ফিলিং স্টেশনে এই অভিযান চালানো হয়।
এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ। তিনি জানান, পুলিশ সদস্যদের সহযোগিতায় প্রতিটি মোটরসাইকেলের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট যাচাই করে তেল সরবরাহ করা হয়। যাদের বৈধ কাগজপত্র নেই, তাদের তেল না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়। এদিকে তেল নিতে আসা কয়েকজন গ্রাহক প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান।
তারা বলেন, এ ধরনের কার্যক্রম সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনবে এবং অবৈধ যানবাহন চলাচল কমবে। শুধু সংকটকালেই নয়, সব সময় এ নিয়ম কার্যকর থাকলে জ্বালানির অপচয় রোধের পাশাপাশি দেশের রাজস্ব খাতেও ইতিবাচক প্রভাব পড়বে।
নির্বাহী মাজিস্ট্রেট তৌফিক আজিজ বলেন, জেলা প্রশাসনের নির্দেশনায় সব পেট্রোল পাম্পে এ নির্দেশনা কার্যকর করা হয়েছে। সড়ক নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। সব পাম্প মালিককে এ নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

