বুধবার চাঁপাইনবাবগঞ্জে রেলপথ অবরোধের ঘোষণা

বুধবার চাঁপাইনবাবগঞ্জে রেলপথ অবরোধের ঘোষণা

রাজশাহী নয়, সব আন্তঃনগর ট্রেন চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে চালুসহ আট দফা দাবি আদায়ে শান্তিপূর্ণ ট্রেন অবরোধ ও মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। বুধবার সকাল সাড়ে ৯টায় চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে শান্তিপূর্ণ ট্রেন অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালিত হবে । মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, ১ মার্চ ২০২৫ ডিসি অফিস চত্বরে মানববন্ধনে জেলার আন্তঃনগর ট্রেন নিয়ে বৈষম্য ও অবহেলিত এই জনপদের মানুষের ন্যায্য দাবিগুলো নিয়ে কাজ করার বিষয়ে উদ্যোগ গ্রহণের কথা ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায় গত ৭ মে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জেলার প্রায় সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে ঐতিহাসিক মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এ ছাড়া গণস্বাক্ষর সংগ্রহ ও জেলা প্রশাসক, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ও রেলওয়ে স্টেশনমাস্টারের মাধ্যমে রেলপথ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা, রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, মহাব্যবস্থাপক (পশ্চিমাঞ্চল) বরাবর স্মারকলিপি দেওয়া হয়। কিন্তু উত্থাপিত ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে আশানুরূপ সাড়া না পাওয়ায় আজ বুধবার সকাল সাড়ে ৯টায় চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে শান্তিপূর্ণ ট্রেন অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে লিখিত দাবি উত্থাপন করেন সুজনের জেলা সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল। উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি খায়রুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর শাহনেওয়াজ খাঁন সিনহা, সিনিয়র সহসভাপতি মাসিদুর রহমানসহ অন্যরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন