নাটোরের লালপুরে অবৈধ ও অনিয়মতান্ত্রিকভাবে পরিচালিত ৭টি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে দুটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া অপর পাঁচটি ইটভাটার মালিককে পৃথকভাবে ৬ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার মঞ্জিলপুকুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট রেজওয়ান উল ইসলামের নেতৃত্বে অধিদপ্তরের ঢাকার এনফোর্সমেন্ট টিম এ অভিযান চালায়। এ সময় পরিবেশ অধিদপ্তর নাটোরের সহকারী পরিচালক হাবিবুল বাশার উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে অবৈধভাবে পরিচালিত ২টি ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি বিধিবহির্ভূতভাবে ইটভাটা পরিচালনার দায়ে অপর পাঁচটি ইটভাটার মালিককে ৬ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশদূষণ রোধ এবং অবৈধভাবে পরিচালিত ইটভাটার কার্যক্রম বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অভিযানে কবির হোসেন ও রফিকুল ইসলাম রফিকের ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয়। এ সময় আবুল কালাম আজাদ, জহির উদ্দিন, নিপুল, হাফিজুর রহমান ও শওকত আলী নামে ৫ ভাটামালিককে পৃথকভাবে ৬ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর নাটোরের পরিদর্শক বোরহান উদ্দিন অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

