চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে টমাস আলী (৩২) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক কর্মী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।
বুধবার দুপুরে শিবগঞ্জ উপজেলার পারচৌকা এলাকার একটি মাঠে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত টমাস আলী শিবগঞ্জ উপজেলার লম্বাটোলা গ্রামের মর্তুজার ছেলে। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয়ভাবে জানা গেছে।
পুলিশ জানায়, নাশকতার উদ্দেশ্যে পারচৌকা এলাকার একটি ধানক্ষেতের পাশে ককটেল বানাচ্ছিলেন টমাসসহ আরো তিন যুবক। এ সময় বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই মারা যান টমাস। বাকি তিনজন আহত অবস্থায় ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থল থেকে টমাসের লাশ উদ্ধার করে। এ সময় সেখান থেকে ককটেল তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, নিহতের লাশ তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

