জয়পুরহাটের ক্ষেতলালে অভিযান চালিয়ে আশরাফ আলী আকন্দ (আশরাফ ডাকাত) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে চুরি, ডাকাতির প্রস্তুতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন অভিযোগে মোট ১৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার আশরাফ আলী আকন্দ উপজেলার বড়তারা ইউনিয়নের বড়তারা কুচিপাড়া গ্রামের আফতাব আলী আকন্দের ছেলে। সোমবার সকাল ১০টার দিকে পুলিশি পাহারায় তাকে জয়পুরহাটের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আশরাফ আলী আকন্দের বিরুদ্ধে ক্ষেতলাল থানাসহ জয়পুরহাট সদর, কালাই ও বগুড়া সদরসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে ডাকাতির প্রস্তুতি, সংঘবদ্ধ ডাকাতি, চুরি, মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধ এবং মারামারির অভিযোগ রয়েছে। কয়েকটি মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্রও দাখিল করা হয়েছে।
সর্বশেষ ৭ নভেম্বর ক্ষেতলাল থানায় দায়ের করা ডাকাতির প্রস্তুতি ও মাদকদ্রব্য-সংক্রান্ত মামলায়ও তাকে সন্দিগ্ধ আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুক্তারুল আলম জানান, আশরাফের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

