দাঁতের মাজন কারখানায় হারপিক ও মশার কয়েল তৈরি করার অভিযোগে সিরাজগঞ্জে নজরুল ইসলাম নামে এক জামায়াত নেতার কারখানায় অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা করেছেন টাস্কফোর্সের সদস্যরা।
সোমবার দুপুরে সদর উপজেলার শাহানগাছা এলাকায় জামায়াত নেতার কারখানায় অভিযান চালানো হয়। ওই কারখানায় দাঁতের মাজন, ইঁদুর ও পিঁপড়া মারার ওষুধ তৈরির অনুমোদন থাকলেও তার হারপিক ও মশার কয়েল তৈরি করতো।
কারখানার মালিক নজরুল ইসলাম সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়ন জামায়াতের আমির।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হোসাইন জানান, দাঁতের মাজন, ইঁদুর ও পিঁপড়া মারার ওষুধের নামে কারখানা হলেও সেখানে হারপিক ও মশা কয়েল তৈরি করা হতো। কারখানার ম্যানেজারকে ৩ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানে ভোক্তা অধিকার, নিরাপদ খাদ্য অধিদপ্তর, স্বাস্থ্য বিভাগের স্যানিটারি ইন্সপেক্টর ও ক্যাবের প্রতিনিধিসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

