আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বৌভাতে নাতনিকে পাল্লায় তুলে সমান ওজনের কয়েন উপহার দিলেন নানা

স্টাফ রিপোর্টার, বগুড়া

বৌভাতে নাতনিকে পাল্লায় তুলে সমান ওজনের কয়েন উপহার দিলেন নানা

বগুড়ায় প্রয়াত স্ত্রীর শখ পূরণে বিয়ের অনুষ্ঠানে নাতনির সমপরিমাণ ওজনের কয়েন (ধাতব মুদ্রা) উপহার দিয়েছেন নানা আবদুল কাদের প্রামাণিক। একটি বড় দাঁড়িপাল্লার একপাশে নাতনি নাইমা বেগম ও অন্যপাশে কয়েন রেখে ওজন করা হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় ।

বিজ্ঞাপন

শুক্রবার রাতে শহরের ঠনঠনিয়া দক্ষিণপাড়ায় এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

ঠনঠনিয়া দক্ষিণপাড়ার আলমগীর হোসেন বলেন, মাইক্রোবাস চালক আবদুল কাদের প্রামাণিকের স্ত্রী পাতা বেগমের ইচ্ছা ছিল তার নাতনি নাইমা বেগমের বিয়ের সময় তার ওজনের সমপরিমাণ কয়েন (মুদ্রা) উপহার দেবেন। গত ১০ বছর ধরে তারা বাড়িতে কয়েকটি মাটির ব্যাংকে পাঁচ টাকা মূল্যমানের কয়েন সঞ্চয় শুরু করেন। পাতা বেগম তার সেই শখ পূরণ করার আগেই মারা যান। ২০২৩ সালে স্ত্রীর মৃত্যুর পর কাদের প্রামাণিক কয়েন সঞ্চয় অব্যাহত রাখেন।

দেড় বছর আগে নাতনি নাইমা বেগমের বিয়ে হয় পার্শ্ববর্তী শাজাহানপুর উপজেলার বেজোড়া গ্রামের ঠিকাদার হৃদয় হাসানের সঙ্গে। ওই সময় কাঙ্ক্ষিত পরিমাণ কয়েন সঞ্চয় হয়নি। শুক্রবার কয়েনগুলো নাতনিকে উপহার দেওয়ার জন্য বৌভাতের আয়োজন করেন। আত্মীয়-স্বজনদের দাওয়াত করা হয়। খাবার হিসেবে পোলাও, গরুর মাংস, মুরগির রোস্ট ও ডালের আয়োজন করা হয়। রাত ৮টার দিকে আপ্যায়ন শেষে বাড়িতে একটি বড় দাঁড়িপাল্লা আনা হয়। এক পাল্লায় নববধূর সাজে নাইমা বেগম বসেন ও অন্য পাল্লায় তুলে দেওয়া হয় জমানো কয়েন। কয়েনগুলোর ওজন ছিল ৭০ কেজি ৩০০ গ্রাম।

দাঁড়িপাল্লায় মেপে অভূতপূর্ব এই উপহার দেওয়ার দৃশ্য দেখার জন্য আত্মীয়-স্বজন ছাড়াও স্থানীয়রা ভিড় করেন। কনের ওজনের সমপরিমাণ কয়েন উপহার দেওয়ার ভিডিও শুক্রবার রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

আবদুল কাদের প্রামাণিক জানান, বগুড়ার শিবগঞ্জে একটি বিয়ের সময় কনের সমান ওজনে কয়েন উপহার দেওয়ার খবর পত্রিকায় দেখেছিলেন। বড় মেয়ে ফেরদৌসী বেগমের বিয়ের পর তার ঘরে প্রথম কন্যা সন্তান নাইমা বেগমের জন্ম হয়। তার প্রয়াত স্ত্রী পাতা বেগম নাতনি নাইমার বিয়ের সময় তার সমান ওজনে কয়েন (কাঁচা টাকা) উপহার দেওয়ার শখ করেন।

নাতনি নাইমা বেগম জানান, নানার এ উপহারে তিনি ও তার পরিবারের সদস্যরা খুবই খুশি হয়েছেন। নানি বেঁচে থাকলে তিনিও অনেক খুশি হতেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন