পাবনার ঈশ্বরদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আকাশ আলী ওরফে আরিয়ান রিমন (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। তিনি গোপালপুর বিএম কলেজের শিক্ষার্থী এবং উপজেলার গোপালপুর গ্রামের আজিজুল ইসলামের ছেলে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার রাত পৌনে ১২টার দিকে ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কের ভাদুর বটতলা এলাকায় আরআরপি তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে রিমনসহ তিনজন একটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত একটি ভারী যানবাহন মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা সড়কে ছিটকে পড়েন। পরে ওই যানবাহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই রিমনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত অপর দুজনকে দ্রুত উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওবায়দুল হক জানান, প্রত্যক্ষদর্শী না থাকায় কোন যানবাহনের সঙ্গে এবং কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনার কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

