২৫ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল শুরু

রাজশাহী অফিস

২৫ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল শুরু

২৫ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের সব রুটে বাস চলাচল শুরু হয়েছে। সোমবার রাত ৮টা থেকে বাস চলাচল বন্ধ হওয়ার পর মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে পুনরায় শুরু হয়। জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে দুই গ্রুপের বিরোধের জেরে বন্ধ হয়ে যায় বাস চলাচল।

বিজ্ঞাপন

এর আগে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটি গঠন নিয়ে মতবিরোধের জেরে সোমবার রাতে রাজশাহী থেকে দূরপাল্লাসহ সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে মঙ্গলবার দিনভর চরম দুর্ভোগে পড়ে হাজারো যাত্রী। অনেকে বিকল্প পরিবহনে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে বাধ্য হন, আবার অনেকেই যাত্রা বাতিল করেন।

এরপর জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার দিনভর দুই পক্ষের সঙ্গে পৃথক বৈঠক করা হয়। দীর্ঘ আলোচনার পর সমঝোতায় চলে আসে উভয়পক্ষ।

সমঝোতা অনুযায়ী, জেলা প্রশাসনের তত্ত্বাবধানে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনার জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করা হবে। এই কমিটিতে শ্রমিকদের দুই পক্ষ থেকে তিনজন করে মোট ছয়জন এবং প্রশাসনের তিনজন প্রতিনিধি থাকবেন। এছাড়া শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন পরিচালনা কমিটিতে নজরুল ইসলাম (হেলাল) থাকবেন না বলেও সিদ্ধান্ত হয়েছে।

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সামনে রেখে সোমবার বিকেলে শ্রমিকনেতাদের সঙ্গে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অধিকাংশ শ্রমিক প্রতিনিধি সাধারণ সভার মাধ্যমে নির্বাচন পরিচালনা কমিটি গঠনের দাবি জানান। তবে কমিটি না থাকায় জেলা প্রশাসক প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন পরিচালনা কমিটি গঠনের প্রস্তাব দেন। সেই প্রস্তাবে শ্রমিকদের একাংশ আপত্তি জানালে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এরই একপর্যায়ে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।

প্রশাসনের মধ্যস্থতায় অবশেষে সংকটের অবসান হওয়ায় মঙ্গলবার রাত থেকেই রাজশাহী থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। যাত্রীদের দুর্ভোগও কাটতে শুরু করেছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...