বোয়ালমারীতে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু, ওঝার কাছে সময়ক্ষেপণের অভিযোগ

উপজেলা প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর)

বোয়ালমারীতে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু, ওঝার কাছে সময়ক্ষেপণের অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাফসান শেখ (১৬) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গুনবহা ইউনিয়নের অমৃতনগর গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত রাফসান শেখ ওই গ্রামের লিটন শেখের ছেলে। সে বোয়ালমারী জর্জ একাডেমির নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থী ছিল। তার অকালমৃত্যুতে পরিবার, সহপাঠী ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরের টয়লেটে যায় রাফসান। পরে টিউবওয়েলে হাত-পা ধুয়ে ঘরে প্রবেশের সময় একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। পরিবারের সদস্যরা প্রথমে তাকে গোহাইলবাড়ীর এক ওঝার কাছে নিয়ে গেলে সেখান থেকে ফেরত পাঠানো হয়। পরে সোতাশীর আরেক ওঝার বাড়িতে নেওয়া হলে কয়েকজন ফকির ঝাড়ফুঁকের মাধ্যমে বিষ নামানোর দাবি করেন।

এরপর রাফসানকে বাড়িতে নিয়ে আসা হয়। কিন্তু সাত থেকে আট ঘণ্টা পর তার শরীরে তীব্র জ্বালাপোড়া ও অসুস্থতা দেখা দিলে পরিবারের লোকজন তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তার মৃত্যু হয়। পরে মরদেহ নিজ বাড়ি অমৃতনগর গ্রামে নিয়ে আসা হয়।

নিহতের চাচাতো নানা মুক্তার মোল্যা বলেন, ‘রাতে টয়লেট থেকে বের হয়ে টিউবওয়েলে হাত-পা ধুয়ে ঘরে ঢোকার সময় রাফসানকে সাপে কামড় দেয়। পরে বিভিন্ন জায়গায় নেওয়ার পর সাত থেকে আট ঘণ্টা কেটে যায়। শেষ পর্যন্ত তাকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি।’

নিহতের আরেক নানা জাহাঙ্গীর হোসেন বলেন, ‘সাপে কাটার পর তাকে বিভিন্ন স্থানে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়। আমরা চাই, প্রতিটি হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম ও দ্রুত চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা হোক, যাতে আর কোনো মায়ের বুক এভাবে খালি না হয়।’

এ বিষয়ে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান বলেন, ‘আমাদের হাসপাতালে ৪৫টি অ্যান্টিভেনম মজুত রয়েছে। কিন্তু ওই রোগী সাত-আট ঘণ্টা পর হাসপাতালে আসায় তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সাপে কামড় দিলে কোনোভাবেই সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘ঝাড়ফুঁক বা অন্য কোনো পদ্ধতিতে সময় নষ্ট করলে রোগীর জীবন ঝুঁকিতে পড়ে। তাই এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।’

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...