জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নওগাঁ জেলার সদস্য সচিবসহ দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একইসঙ্গে আগামী ৩ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতেও বলা হয়েছে।
বৃহস্পতিবার রাতে এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত দলীয় প্যাডে ওই নোটিশ দেয়া হয়।
শোকজ প্রাপ্তরা হলেন, এনসিপির নওগাঁ জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য সচিব খন্দকার তরিকুল ইসলাম দিপু ও দলটির যুগ্ম আহবায়ক দেওয়ান মাহবুব আল হাসান সোহাগ।
নোটিশে উল্লেখ করা হয়েছে, আপনাদের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের গুরুতর একটি অভিযোগ উত্থাপিত হয়েছে। উল্লিখিত বিষয়ে কেনো আপনাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাগ্রহণ করা হবে না এই নোটিশ প্রাপ্তির তারিখ থেকে আগামী তিন কার্যদিবসের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বরাবর লিখিত জবাব দিতে নির্দেশ প্রদান করা হলো।
এনসিপি নেতা সোহাগ বলেন, আমাকে ঠিক কী কারণে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে, সে বিষয়ে এখনো আমি অবগত নই। ধারণা করছি, এনসিপির জেলার একজন কেন্দ্রীয় নেতার ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসার কারণে এমনটি হয়ে থাকতে পারে।
খন্দকার তরিকুল ইসলাম দীপু বলেন,আমাদেরকে দেয়া নোটিশে সুনির্দৃষ্ট কোন কারণ উল্লেখ নেই। এছাড়া শোকজ হওয়ার মতো কোনো কাজ করার প্রশ্নই আসে না। তাই কারো ব্যক্তিগত আক্রোশ বা জেলাসির কারণে এমনটা হতে পারে।
তবে ওই নোটিশের বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন এনসিপির জেলা আহবায়ক মাহফুজার রহমান চৌধুরী।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

