ধুনটে ডিবি পরিচয়ে শিক্ষকের কাছে চাঁদা দাবি

ধুনটে ডিবি পরিচয়ে শিক্ষকের কাছে চাঁদা দাবি

বগুড়ার ধুনটে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনায় ওই শিক্ষক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বিজ্ঞাপন

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার উলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আতিকুর রহমান খোকন মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ে অবস্থান করছিলেন। এ সময় তার মুঠোফোনে একটি অপরিচিত নম্বর থেকে কল আসে। গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ওই ব্যক্তি বলেন, আপনার ছেলে শেরপুর উপজেলার চান্দাইকোনা এলাকায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক হয়েছে। ৩০ হাজার টাকা দিলে মামলা না দিয়ে তাকে ছেড়ে দেওয়া হবে বলে জানান।

কথোপকথনের একপর্যায়ে শিক্ষক আতিকুর রহমান বিষয়টি রেকর্ড করার চেষ্টা করলে ডিবি পরিচয় দেওয়া ওই ব্যক্তি ফোনটি কেটে দেন। পরে একাধিকবার ওই নম্বরে কল করার চেষ্টা করেও আর সংযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় ধুনট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি।

ধুনট থানার ডিউটি অফিসার এএসআই দীপিকা দাস বলেন, শিক্ষকের অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে রেকর্ড করে ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন