জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরে ৮৪৪টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। জেলার ৮৪৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৩৯টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মোট কেন্দ্রের ৬৩ দশমিক ৮৬ শতাংশই ঝঁকিপূর্ণ। এসব কেন্দ্রের মধ্যে ২৫৭টি অধিক ঝুঁকিপূর্ণ, ২৮২টিকে ঝুঁকিপূর্ণ এবং ৩০৫টি কেন্দ্রকে সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।
দিনাজপুর জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) কার্যালয় সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, ২৫৭টি অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে রয়েছে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে ৮৬টি, দিনাজপুর-২ (বোচাগঞ্জ-বিরল) আসনে ২২টি, দিনাজপুর-৩ (সদর) আসনে ১২টি, দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে ২৫টি, দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে ৪৬টি ও দিনাজপুর-৬ (বিরামপুর-হাকিমপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট) আসনে ৬৬টি কেন্দ্র।
সূত্রটি জানায়, ভোটারের সংখ্যা বেশি, ইতিপূর্বে অগ্নিসংযোগ ও ভাঙচুর, সীমানা প্রাচীর না থাকা, প্রার্থী বা রাজনৈতিক দলগুলোর প্রভাবশালী নেতার বাড়ি, সীমান্তসংলগ্ন কেন্দ্র দূরবর্তী ও জনবহুল এলাকাসহ বিভিন্ন দিক বিবেচনা করে এসব কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
দিনাজপুর জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) ডিআই-১ শহীদুল ইসলাম বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

