হাতীবান্ধায় পুলিশকে অবরুদ্ধ করে আসামি ছাড়িয়ে নেওয়ার অভিযোগ

হাতীবান্ধায় পুলিশকে অবরুদ্ধ করে আসামি ছাড়িয়ে নেওয়ার অভিযোগ
ফাইল ছবি

লালমনিরহাটের হাতীবান্ধায় পুলিশকে অবরুদ্ধ করে মাদক মামলার এক আসামিকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) রিমন ও তুহীন, সহকারী উপপরিদর্শক (এএসআই) লুৎফর হাকিমসহ পুলিশের একটি দল ভবানীপুর এলাকার জসীম উদ্দিনের ছেলে হামিদুল ইসলামকে গ্রেপ্তার করে। পুলিশের ভাষ্য, হামিদুলের বিরুদ্ধে আগে থেকেই মাদকসংক্রান্ত মামলা রয়েছে।

গ্রেপ্তারের পর হামিদুলকে থানায় নেওয়ার পথে তার পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজন পুলিশের গতি রোধ করে। এ সময় তারা পুলিশকে ঘিরে ধরে বাধা সৃষ্টি করে। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিলেও তারা পৌঁছানোর আগেই পরিস্থিতির অবনতি ঘটে। একপর্যায়ে অবরুদ্ধ পুলিশ সদস্যরা হামিদুলকে ছেড়ে দিতে বাধ্য হন বলে দাবি পুলিশের।

হাতীবান্ধা থানার ওসি রমজান আলী বলেন, হামিদুল ইসলামের বিরুদ্ধে আগের মাদক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশ বাধার মুখে পড়ে। যারা পুলিশের কাজে বাধা দিয়েছে এবং মব সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন