রংপুরের পীরগঞ্জ উপজেলার শানেরহাট ইউনিয়নের শানেরহাট-বৈরাতিহাট সড়কে পীরগঞ্জ-মিঠাপুকুর সীমান্তে দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে থাকা একটি সেতু স্বেচ্ছাশ্রমে সংস্কারের উদ্যোগ নিয়েছেন আনসার ও ভিডিপির সদস্যরা।
বুধবার পীরগঞ্জ উপজেলা আনসার কোম্পানি কমান্ডার মো. রাশেদুল ইসলামের নেতৃত্বে ২৫ সদস্যের একটি দল সেতুটির ভাঙা অংশে বস্তায় মাটি ভরাট করে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেয়।
এ সময় পুরুষ ও নারী আনসার সদস্যরা সেতুর পাশের কৃষিজমি থেকে বস্তায় মাটি ভরে ভাঙা অংশে ফেলেন। পাশাপাশি সেতুর সামনে ও পেছনে সড়কের দুই পাশের জঙ্গলও পরিষ্কার করা হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সেতুটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে থাকায় প্রতিদিন শত শত মানুষকে ঝুঁকি নিয়ে এটি পার হতে হচ্ছে। এতে রিকশা-ভ্যান, অটোরিকশা ও মোটরসাইকেল চালকরাও চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
বিশেষ করে সেতুর ভাঙা অংশ দিয়ে অটোরিকশা পার হওয়ার সময় চালকদের নানা সমস্যায় পড়তে হয়। অনেক ক্ষেত্রে অটোরিকশাচালকেরা যাত্রীদের আগে নামিয়ে দেন। এরপর খালি অটোরিকশা ভাঙা অংশ দিয়ে পার করেন।
স্থানীয় বাসিন্দা নূর আলম জানান, সেতুর ভাঙা অংশে রড বের হয়ে থাকায় যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। ঝুঁকি এড়াতে স্থানীয়রা বাধ্য হয়ে রডের ওপর কলাগাছের কাণ্ড ও শুকনো কচুরিপানা বিছিয়ে কোনো রকমে চলাচল করছেন।
স্বেচ্ছাশ্রমে সেতু সংস্কারকাজে অংশ নেন আনসার ও ভিডিপির সদস্য আশরাফ মিয়া, সাহেব মিয়া, আবু হানিফ, সাজ্জাদ শেখ, রিয়াদ, দিশা মনি ও লিজা মনিসহ অন্য সদস্যরা।
এ কার্যক্রমে সরাসরি দিকনির্দেশনা ও পরামর্শ দেন পীরগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রেজেনা পারভিন।
স্থানীয়রা জানান, আনসার ও ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমের উদ্যোগে আপাতত সেতুটিতে চলাচলের কিছুটা সুযোগ তৈরি হয়েছে। তবে বস্তায় মাটি ফেলে ভাঙা অংশ সংস্কার করা স্থায়ী সমাধান নয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

