রংপুর-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা যেন থামছেই না। প্রায়ই মহাসড়কের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন পথচারী, মোটরসাইকেল আরোহী ও সাধারণ যাত্রীরা। স্থানীয়দের ভাষায়, মহাসড়কটি এখন যেন ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে।
থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার কাউনিয়া উপজেলার মীরবাগ এলাকায় ভরসা কোল্ড স্টোরের সামনে অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় এনামুল হক (৪৭) নিহত হন। তিনি উপজেলার কুর্শা ইউনিয়নের বাহাগিলী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
একই দিন রাতে কাউনিয়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনে একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নুর আলম (৩৭) নিহত হন। তিনি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের দুরাকুটি কলোনি গ্রামের আব্দুস সালামের ছেলে।
স্থানীয়দের অভিযোগ, রংপুর-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটলেও দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না। ফলে প্রতিনিয়ত ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে পথচারী ও যানবাহনের চালকদের। দ্রুত মহাসড়কে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
কাউনিয়া থানার ওসি শিহাব উদ্দিন সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

